হিলি সীমান্তে জিরো পয়েন্টে নামাজ করতে গিয়ে খুন তৃণমূল বুথ সভাপতি
দি নিউজ লায়ন ; তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুন। নিহতের নাম আলিম মন্ডল(৪০)। তিনি শ্রীকৃষ্ণপুর বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হিলি ব্লকের ৩ নং ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে। ঘটনায় জখম হয়েছেন আরও এক। গুরুতর জখম অবস্থায় আছিরুল মন্ডল (২২) নামে এক তৃণমূল সমর্থককে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়।
এছাড়াও ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হিলি থানার বিশাল পুলিশবাহিনী। মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ। জানা গিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে জিরো পয়েন্ট বরাবর জামালপুর এলাকার মসজিদে নামাজ পাঠ করতে যায় ভারতীয় বাসিন্দারা।
অভিযোগ, সেই সময় পুরোনো বিবাদের জেরে তাঁদের ওপর চড়াও হয় বাংলাদেশের একদল দুষ্কৃতী। ভারতীয়দের ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে ওই দুষ্কৃতী দল। এরপরে ঘটনাস্থলে ভারতীয়রা ছুটে গেলে তাদের ওপরেও চড়াও হয় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে আলিম মন্ডল ও আছিরুল মন্ডলকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হিলি গ্রামীণ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসে স্থানীয়রা। কিন্তু রাস্তায় মৃত্যু হয় আলিম মণ্ডলের।
এদিকে গুরুতর জখম অবস্থায় আছিরুলকে নিয়ে হিলি গ্রামীণ হাসপাতালে পৌঁছালে তাঁকে প্রাথমিক চিকিৎসা করে বালুরঘাট জেলা হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এবিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মসলেম মন্ডল বলেন, পুরোনো বিবাদ জেরে বাংলাদেশের দুষ্কৃতীরা আলী মন্ডলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে।
ঘটনায় একজন বালুরঘাট হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আরও কয়েকজন আহত অবস্থায় রয়েছে। দোষীদের শাস্তির দাবি জানাই। এবিষয়ে জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী তিনি মৃতের পরিবারকে সমবেদনা জানান এবং অভিযুক্তদের শাস্তির দাবি করেন।অন্যদিকে এবিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment